গোপালগঞ্জে নছিমনের ধাক্কায় কলেজ ছাত্র নিহত
গোপালগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের ধাক্কায় মিঠু মোল্লা বাবু (২১) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় নসিমনের চালক ও মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছে।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কংশুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের সোহরাব মোল্লার ছেলে এবং উলপুর এমএইচ খান ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, দুপুরে উলপুর বাজার থেকে মোটরসাইকেলে বৌলতলী বাজার যাচ্ছিলেন মিঠুসহ আরো দুইজন। পথে কংশুর এলাকায় একটি নসিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মিঠুসহ তিন মোটরসাইকেল অরোহী ও নসিমন চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করেন।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান এসআই ফরিদুল ইসলাম।
এস এম হুমায়ূন কবীর/এএম/এমএস