ট্যাম্পাকো দুর্ঘটনায় আরো এক শ্রমিকের মৃত্যু
গাজীপুর মহানগরীর টঙ্গীতে অবস্থিত ট্যাম্পাকো ফয়েল কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আরো এক শ্রমিক মঙ্গলবার বিকেলে ঢাকার ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহতের নাম হোসেন আহমেদ ওরফে রাসেল (২৬)। রাসেল সিলেটের গোলাপগঞ্জ থানার ঘাঘুয়া গ্রামের হাসান আলীর ছেলে। তিনি ওই কারখানার একজন শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত।
দুর্ঘটনার দিন গুরুতর দগ্ধ অবস্থায় রাসেলকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন থেকেই তিনি অচেতন অবস্থায় ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত আর তার জ্ঞান ফেরেনি। রাসেল ৭০ শতাংশের উপরে দগ্ধ ছিলেন।
রাতে স্বজনরা তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এসময় তার বাবার কাছে জেলা প্রশাসনের তরফ থেকে ২০ হাজার টাকা অর্থিক সহায়তা দেয়া হয়। এর আগে চিকিৎসার জন্য তাকে আরো ১০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছিল।
গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, এনিয়ে ট্যাম্পাকো দুর্ঘটনায় ৩৫ জন মারা গেলেন। নিখোঁজ রয়েছেন আরো ১১ জন। আহত হয়েছেন ৩৮ জন।
উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় ট্যাম্পাকো ফয়েলস কারখানা বিধ্বস্ত হয় এবং ওই হতাহতের ঘটনা ঘটে।
ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাজীপুর জেলা প্রশাসন, শিল্প মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে মোট ৫টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/বিএ