চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
চট্টগ্রামের মীরেরসরাই উপজেলায় রেললাইন কেটে ফেলায় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্বাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা জানান, রোববার গভীর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা রেললাইনের ফিসপ্লেট কেটে দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর ভোরে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম যাওয়ার পথে লাইনচ্যুত হয়।
ফলে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী দুটি ট্রেন নোয়াখালীর কাছে আটকা পড়েছে। রেলের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য ঘটনাস্থলের দিকে দুটি উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিএ/আরআইপি