গরু চুরির অভিযোগে গ্রাম পুলিশসহ আটক ৪


প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে গরু চুরির অভিযোগে ইউপি সদস্যসহ গ্রাম পুলিশের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ৯টি গরু উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, টেংরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তেলিহাটি ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম (৪৫), গ্রাম পুলিশের সদস্য একই গ্রামের মৃত মহর আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (৫০), ওই খামারের কেয়ারটেকার খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কুটিয়া গ্রামের লোকমান শেখের ছেলে আজিবুর শেখ (৪৫) ও বাঘেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাডিয়া মাইটকুমড়া গ্রামের হাকিম শেখের ছেলে আলামিন শেখ (২০)।

সোমবার সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ তাদের আটক করা হয়। পরে থানায় জিজ্ঞাসাবাদ শেষে ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে ছেড়ে দেয় পুলিশ।
 
চুরি হয়ে যাওয়া গরুর মালিক ইসমাইল হোসেন জানান, রোববার রাতে তার দু’টি গরু চুরি হয়, অনেক খোঁজাখুজির পর সোমবার সকালে গরুর পায়ের চিহ্ন দেখে ওই খামারে এসে তার চুরি যাওয়া দু’টি গরু দেখতে পান। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।

শ্রীপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল ছালাম জানান, খবর পেয়ে হাবলু শেখের খামারে থেকে ৯টি গরু উদ্ধার করা হয়। এ সময় গরু চুরির সন্দেহে স্থানীয় ইউপি সদস্য গ্রাম পুলিশসহ চার জনকে আটক করা হয়।

শ্রীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে বাদীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।