বিএনপির রাজনীতি এখন ড্রইংরুমের ফুলের তোড়া


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি চোরা বালিতে আটকে গেছে। তাদের রাজনীতি এখন তিন চাকার ওপর নির্ভরশীল। আন্দোলনের নামে তারা সরকারকে বার বার হুমকি দিচ্ছে। কিন্তু মরা গাঙ্গে আর জোয়ার আসে না। নির্বাচনে না গিয়ে তারা ভুল করেছে। তাই এখন তারা আবোল-তাবোল প্রলাপ বকছে। বিএনপির রাজনীতি এখন ড্রইংরুমের ফুলের তোড়া হয়ে আছে।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যথা সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, তার আগে নয়। শহীদ ময়েজউদ্দিনের রক্তের প্রতিশোধ আজকের এই বিশাল স্মরণসভা।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য আখতারুজ্জামান, সায়মন সরোয়ার কমল এমপি, কামরুল আশরাফ পোটন এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আজমতউল্লাহ খান প্রমুখ।       

আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।