গাজীপুরে যমুনা স্পিনিং কারখানায় আগুন


প্রকাশিত: ০১:২৩ এএম, ০২ অক্টোবর ২০১৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা স্পিনিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সোয়া পাঁচটার দিকে কারখানার ডেনিম রিসাইক্লিনিং প্লান্ট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

কারখানার ফায়ার অ্যান্ড সিকিউরিটি বিভাগের সাধারণ ব্যবস্থাপক মো. হরমুজ আলী জানান, সকালে যমুনা স্পিনিং কারখানার একতলা টিনসেড ভবনের ডেনিম রিসাইক্লিনিং প্লান্ট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ফিনিশিং, নিটিং, তুলা ও সুতার গুদামে ছড়িয়ে পড়ে।

শুরুতে কারখানার নিজস্ব ফাইটিং ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দফতর, গাজীপুরের কালিয়াকৈর, জয়দেবপুর, শ্রীপুর, সাভারের ইপিজেড, মিরপুর, ধামরাই ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে কারখানার টিনসেডের স্ট্রাকচার ধসে পড়েছে।

Gazipur

তিনি আরো জানান, কারখানার ভেতর বিপুল পরিমাণ ফিনিশিং গুড, সুতা তৈরির কাঁচামাল, কেমিকেল, সুতা, তুলা, আমদানি করা সুতা তৈরির পলিস্টার ও মেশিনপত্র রয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট কাজ করছে।

Gazipur

আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমান, শিল্প পুলিশের পুলিশ সুপার সোয়েব আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, শিল্প পুলিশের ওসি মো. শহীদুল্লাহ, কালিয়াকৈর থানার ওসি আ. মোতালেব মিয়া, স্থানীয় কাউন্সিলর আহাদ আলী, শাহনাজ আক্তার সাহেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ  ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।



এএম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।