কুমিল্লায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৪ অক্টোবর ২০১৬

কুমিল্লায় বাস-লেগুনা সংঘর্ষে মোখলেছুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন। মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার আলিয়াবাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোখলেছুর রহমান দেবিদ্বার উপজেলার চরবাকর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের আলিয়াবাদে মঙ্গলবার সকালে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (চট্ট মেট্রো-ব-১১-০২৭৪) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার হেলপার মোখলেছুর রহমান (১৮) ঘটনাস্থলে মারা যান।

এ দুর্ঘটনায় আহত হন লেগুনার চালকসহ ৫ জন। আহতদের মধ্যে আনোয়ারা বেগম (৫৫) ও মোশারফ হোসেনকে (২৬) উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম কিবরিয়া জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।