সোনারগাঁয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও লুটপাট


প্রকাশিত: ০১:৫০ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাড়ি ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার ভরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলের দিকে উভয়পক্ষ সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আওলাদ হোসেন ও সুরিয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলা সাদিপুর ইউনিয়নে ভরগাঁও গ্রামের আওলাদ মিয়ার সঙ্গে প্রতিবেশী মনির হোসেনের বিরোধ চলছিল।

বুধবার দুপুরে দু’পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বাক-বিতণ্ডতা হয়। এর জের ধরে মনির হোসেন, আবু সাঈদ, সোমা আক্তার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আওলাদ হোসেন, বাদশা মিয়া, মোতাহার হোসেন, সালমা আক্তার ও সুরিয়া আক্তারকে টেঁটাবিদ্ধ করে আহত করে।

এ সময় তাদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতি করা হয়। পরে আওলাদ হোসেনের লোকজন প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে সালমা আক্তার, আবু সাঈদসহ কয়েকজনকে আহত করে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন।  

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।