মাদক ব্যবসায় বাধা দেয়ায় দম্পতিকে পিটিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেয়ায় এক দম্পতিকে পিটিয়ে জখম করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার সাতভাইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে সোনারগাঁ থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে জুয়েল ও রাতুল এবং আব্বাস আলীর ছেলে হোসেন ও হাসান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এতে এলাকার কাজী ইসলাম ও সাগর বাধা দেয়। উত্তেজিত হয়ে জুয়েল, রাতুল ও হোসেনের নেতৃত্বে ১০-১৫ জন কাজী ইসলাম মিয়া ও তার স্ত্রী নূর জাহানকে পিটিয়ে আহত করে।
একই সঙ্গে তাদের মুদি দোকানে হামলা ও ভাঙচুর করে আগুন দিয়ে দোকানটি পুড়িয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হুমায়ুন ও শাওন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, মাদক ব্যবসায় বাধা দেয়ার কারণে মাদক ব্যবসায়ীরা এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে হাতে নাতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস