জনবল সংকটে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিস


প্রকাশিত: ০২:৫৫ এএম, ০৬ অক্টোবর ২০১৬

কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা নিয়ে গঠিত কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিস। বর্তমানে জনবল সংকটে রয়েছে এ অফিস।

এ কার্যালয়ের অধীন ৬টি জেলায় ২৩৯টি পদের মধ্যে ৬৬ জন কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। নগরীর ছোটরা এলাকায় অবস্থিত এ কার্যালয় থেকে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনাসহ জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়।

কিন্তু জনবল সংকট থাকায় এ কার্যালয়ের কার্যক্রম চলছে অনেকটা ধীরগতিতে। এছাড়া এ কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদ থাকলেও অবসরজনিত কারণে পদটি শূন্য হয়ে যাওয়ায় বর্তমানে সিনিয়র জেলা নির্বাচন অফিসার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, কুমিল্লা মহানগরীর ছোটরা এলাকায় এ কার্যালয়টি নির্মাণ করার পর ২০১৫ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লা সিটি কর্পোরেশন সংলগ্ন অস্থায়ী কার্যালয় ছেড়ে নির্বাচন কমিশনের নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়। উপ-নির্বাচন কমিশনারের কার্যালয় হিসেবে এটি এ জেলায় কার্যক্রম শুরু করলেও ২০১০ সাল থেকে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কার্যক্রম শুরু হয়।

এ কার্যালয়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিভোর কুমার বিশ্বাস গত ২০ জুন অবসরজনিত কারণে ছুটিতে গেলে এ পদটি শূন্য হয়ে যায়। ওই কর্মকর্তা অবসরে যাওয়ার আগে দায়িত্বগ্রহণ করেন কুমিল্লা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. রাশেদুল ইসলাম।

এ কার্যালয়ে পদ শূন্য রয়েছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ১টি, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ২টি, সাঁট লিপিকার ১টি, অফিস সহায়ক ৩টি। এছাড়া পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগপ্রাপ্ত একজন কর্মচারী দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছে।

এদিকে এ কার্যালয়ের অধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ ৬টি জেলায় জেলা নির্বাচন অফিসেও রয়েছে জনবল সংকট। এর মধ্যে কুমিল্লায় নির্বাচন অফিসার পদে ২টি, সাঁট লিপিকার পদে ১টি, অফিস সহকারী পদে ১টি, অফিস সহায়ক পদে ২টি।

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন অফিসার পদে ১টি, পরিচ্ছন্নতাকর্মী পদে ১টি, চাঁদপুরে নির্বাচন অফিসার পদে ১টি, উচ্চমান সহকারী পদে ১টি, অফিস সহকারী পদে ১টি, অফিস সহায়ক পদে ১টি, ফেনীতে নির্বাচন অফিসার পদে ১টি, অফিস সহকারী পদে ২টি, অফিস সহায়ক পদে ১টি।

নোয়াখালীতে নির্বাচন অফিসার পদে ২টি, সাঁট লিপিকার পদে ১টি, অফিস সহকারী পদে ১টি, ড্রাইভার পদে ১টি, অফিস সহায়ক পদে ২টি এবং লক্ষ্মীপুরে নির্বাচন অফিসার পদে ১টি, অফিস সহকারী পদে ১টি, অফিস সহায়ক পদে ২টি শূন্য পদ রয়েছে।

এদিকে, এ কার্যালয়ের অধীন জেলা কার্যালয় ছাড়াও উপজেলা পর্যায়ে রয়েছে জনবল সংকট। এর মধ্যে কুমিল্লা জেলায় উপজেলা নির্বাচন অফিসার পদে মুরাদনগর, দেবিদ্বার, বরুড়া, লাকসাম, চৌদ্দগ্রাম ও মেঘনায় ৬টি পদ শূন্য রয়েছে।

এছাড়া সাঁট লিপিকার পদে নাঙ্গলকোটে ১টি, মনোহরগঞ্জে ১টি, তিতাসে ১টি, হোমনায় ১টি এবং অফিস সহায়ক পদে সদর দক্ষিণে ১টি, ব্রাহ্মণপাড়ায় ১টি পদ শূন্য রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় উপজেলা নির্বাচন অফিসার পদে বিজয়নগর, নবীনগর, কসবা ও নাসিরনগরে ৪টি পদ শূন্য রয়েছে। এছাড়া অফিস সহায়ক পদে সদর উপজেলায় ১টি পদ শূন্য রয়েছে।

চাঁদপুর জেলায় উপজেলা নির্বাচন অফিসার পদে হাজীগঞ্জ, হাইমচর ও মতলব দক্ষিণে ৩টি পদ শূন্য রয়েছে। এছাড়া সাঁট লিপিকার পদে হাইমচরে ১টি পদ শূন্য রয়েছে।

নোয়াখালী জেলায় উপজেলা নির্বাচন অফিসার পদে সুবর্নচর, বেগমগঞ্জ ও চাটখিলে ৩টি পদ শূন্য রয়েছে। এছাড়া সাঁট লিপিকার পদে সেনবাগে ১টি, সোনাইমুড়িতে ১টি এবং অফিস সহায়ক পদে কবিরহাটে ১টি পদ শূন্য রয়েছে।

ফেনী জেলায় উপজেলা নির্বাচন অফিসার পদে ফুলগাজীতে ১টি পদ শূন্য রয়েছে। এছাড়া অফিস সহায়ক পদে ছাগলনাইয়ায় ১টি পদ শূন্য রয়েছে।

লক্ষ্মীপুর জেলায় উপজেলা নির্বাচন অফিসার পদে রায়পুর ও রামগতিতে ২টি পদ শূন্য রয়েছে। এছাড়া অফিস সহায়ক পদে রামগঞ্জে ১টি পদ শূন্য রয়েছে।

এ বিষয়ে কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. রাশেদুল ইসলাম জানান, শূন্য পদে নিয়োগের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি এ সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যাবে।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।