ফতুল্লায় গার্মেন্ট শ্রমিককে হত্যাচেষ্টা : স্বামী আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:১৫ এএম, ১৭ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনের টাকা না দেয়ায় গার্মেন্ট শ্রমিক সোনিয়া বেগমকে (২৬) হত্যাচেষ্টার অভিযোগে মাদকাসক্ত স্বামীকে জুম্মানকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে পুলিশ লাইন ফুজি গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

সোনিয়া বেগম ফতুল্লা চাঁদমারী এলাকার জামান মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. জুম্মানের স্ত্রী। একই সঙ্গে তিনি ফুজি গার্মেন্টসের টিভি ম্যানিন সেক্টরের শ্রমিক।

সোনিয়ার বোন শেফালী বেগম জানান, প্রায় ৯ বছর আগে একই এলাকার জুম্মানের সঙ্গে পারিবারিকভাবে সোনিয়ার বিয়ে হয়। তাদের পরিবারের দুটি ছেলে সন্তানও আছে। কিন্তু কয়েক বছর ধরে মাদকের টাকার জন্য সোনিয়ার স্বামী জুম্মান প্রায় সময় নির্যাতন করে আসছিল।

সোমবার সকালে গার্মেন্টসের বাসে চড়ে কারখানার সামনে গিয়ে নামলে সোনিয়ার স্বামী জুম্মান ধারালো কাচি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে তাকে এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নূর মহল জানান,আহত সোনিয়া বেগম শঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছিল।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোনিয়ার স্বামী জুম্মানকে আটক করা হয়েছে। তবে বাদী পক্ষের কেউ এখনও কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।