যশোরে গুলিতে হত্যা মামলার আসামি নিহত
যশোরের মণিরামপুরে দুটি হত্যা মামলার আসামি আনিসুর রহমান (৩৮) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার বেগারিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আনিসুর রহমান উপজেলার লাউড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে কৃষক লীগ নেতা শফি কামাল ও ঠুন্ডু শাহীন হত্যার মামলা রয়েছে।
পুলিশের দাবি, দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে আনিসুর নিহত হয়েছেন।
নিহতের পরিবারের দাবি, দুই দিন আগে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। এরপর তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার দেখিয়ে মারা গেছে বলে স্বজনদের খবর দেয়া হয়েছে।
মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লবকুমার নাথ জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বেগারিতলায় মিজান-মাহফুজ ও আনিসুর গ্রুপের সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। এমন সংবাদ পেয়ে ভোর রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে আনিসুরকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার নামে দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
তবে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আনিসুরকে দুই দিন আগে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে একদল অস্ত্রধারী তুলে নিয়ে যায়। তারপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
মিলন রহমান/আরএআর/এমএস