সোনারগাঁয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন


প্রকাশিত: ১১:১২ এএম, ০৭ নভেম্বর ২০১৬

বাড়ির সীমানার মাটি কাটাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। নিহতের নাম মো. মোসলেউদ্দিন (৩৮)। ঘটনার পর থেকে ছোট ভাই মো. খলিল পলাতক।

সোমবার সোনারগাঁয় উপজেলার পশ্চিম কান্দারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত মোসলেউদ্দিন উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকাল পৌনে ৭টার দিকে বড় ভাই মোসলেউদ্দিন বাড়ির সীমানার এক কর্ণার থেকে মাটি কেটে তার ঘরের সামনের নিচু স্থান ভরাট করছিলেন। এসময় ছোট ভাই খলিল তাকে ওই স্থান থেকে মাটি কাটতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে মারধর করে।

পরে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে তার ঘর থেকে একটি ধারালো ছুরি এনে বড় ভাই মোসলেউদ্দিনের গলার নিচে আঘাত করে। এতে ঘটনাস্থলে বড় ভাই মোসলেউদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। এসময় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পরপরই ছোট ভাই বাড়ি থেকে পালিয়ে যায়।

নিহতের স্ত্রী জিয়াসমিন আক্তার জানান, বড় মেয়ের বিয়ের আনুষ্ঠানিকা সামনে। তাই বাড়ি মেরামত করতে আমার স্বামী বাড়ির সীমানার নিচু জায়গা থেকে মাটি কেটে ঘরের সামনে একটু উচু করছিল। এসময় দেবর খলিল এসে বাধা দেয়। পরে খলিল আমার স্বামীকে ছুরি দিয়ে আঘাত করলে সে মারা যায়। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় ছোট ভাইকে গ্রেফতারের চেষ্টা চলানো হচ্ছে।

শাহাদত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।