সিলেটে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২
সিলেট-ঢাকা মহাসড়কে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা থানার লালাবাজার সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উজ্জল আহমদ (২৪) ও মাহবুবুর রহমান (৩২)। নিহত উজ্জল সুনামগঞ্জ জেলার দিরাই উপজলার সাইফুল ইসলামের ছেলে ও মাহবুব মেহেরপুর জেলার গাংনি থানার গাংনি গ্রামের বাসিন্দা আফজাল হোসেনের ছেলে।
এছাড়া আহত হয়েছেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আব্দুল মান্নানের ছেলে বুলবুল আহমদ (২৪)।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকার সাতমাইল নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেস (সিলেট ব-৪৪১৯) একটি বাস ও একটি ঢাকাগামী কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো ম-৫১-৫৬২৮) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
আহত হন অন্তত ১০ জন বাস যাত্রী। তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা কাভার্ড ভ্যানের যাত্রী ছিলেন। ভ্যানটি একটি ওষুধ কোম্পানির বলে জানা গেছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, নিহত দুজনের লাশ ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএএস/আরআই