ফের না.গঞ্জের জঙ্গি বাড়ি পরিদর্শনে পিবিআই
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় একটি ভাড়া বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনার মামলায় তদন্তভার গ্রহণের পর দ্বিতীয় বারের মতো পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অ্যাডিশনাল ডিআইজি মঈনুল হাসানের নেতৃত্ব তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আলমগীরসহ নারায়ণগঞ্জ পুলিশের কর্মকর্তারা সেই বাড়ি পরিদর্শন করেন।
মঈনুল হাসান সাংবাদিকদের জানান,তদন্তকাজ যেভাবে চলে আমরা সেভাবে করবো। তবে আজকে শুধু মাত্র তদন্ত কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শনের জন্য আসছি। তাছাড়া তদন্তের অগ্রগতি হওয়া মাত্রই জানানো হবে।
গত ৭ নভেম্বর পিবিআইয়ের ডিআইজ বনজ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, পুলিশ হেড কোয়ার্টারের আইজিপির নির্দেশে দুদিন আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এ মামলার দায়িত্ব দেয়া হয়।
গত ২৭ আগস্ট কাউন্টার টেরোরিজম ইউনিটসহ পুলিশের ‘অপারেশন হিট স্ট্রং’ নামে অভিযানে পাইকপাড়া নূর উদ্দিন দেওয়ানের তিনতলা ভবনের তৃতীয় তলায় গুলশান হামলার মাস্টারমাইন্ডখ্যাত তামিম চৌধুরীসহ আরো দুই জঙ্গি মারা যায়। এরপর ওই ফ্লাট সিলগালা করে রাখে পুলিশ। অভিযানের পর মামলাটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলার পর ওই থানা পুলিশ তদন্ত শুরু করে।
শাহাদাত হোসেন/এএম/আরআইপি