৩ শিশুসহ কারাগারে মা


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৯ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জে নারী নির্যাতন মামলায় তিন শিশু সন্তানসহ এক গৃহবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জিয়াসমিন আক্তার নামে ওই গৃহবধূর সঙ্গে হাবিব নামে দুই বছরের একটি ছেলে ও তিন মাসের যমজ শিশুকন্যা রয়েছে। একই মামলায় ওই গৃহবধূর বাবা ও মাকেও কারাগারে পাঠানো হয়।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গৃহবধূসহ তারা তিনজন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণকারী হলেন- বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের আবু কালাম পাটোয়ারী, তার স্ত্রী মালেকা পারভীন ও মেয়ে জিয়াসমিন আক্তার। এদের মধ্যে জিয়াসমিন আক্তারের সঙ্গে হাবিব নামে দুই বছরের এক ছেলে ও তিন মাসের দুই যমজ শিশুকন্যা রয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন জানান, গত ৪ জুন বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামে টাকা-পয়সার লেনদেন নিয়ে ফালানী বেগম নামে এক নারীকে হাত-পা বেঁধে মারধর করেন একই এলাকার আবু কালাম পাটোয়ারীসহ তার পরিবারের লোকজন।

এ ঘটনায় একই পরিবারের পাঁচজনের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা করেন ফালানী বেগম। এ মামলায় আবু কালাম পাটোয়ারী তার স্ত্রী মালেকা পারভীন ও মেয়ে জিয়াসমিন আক্তার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো: শাহাদাত হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।