রাজশাহীতে বাসে পেট্রলবোমা হামলায় তিন যাত্রী দগ্ধ


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

রাজশাহীর তানোরে চলন্ত বাসে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মুণ্ডমালা পৌরসভা এলাকার বুড়াবুড়ির মোড়ে এ ঘটনা ঘটে। এতে ৩ বাসযাত্রী দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন, মুণ্ডমালা এলাকার খাদিজা (২৫), কলেজছাত্র আনোয়ার (২২) ও চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার রাসেল (২৬)।

বাসের যাত্রীদের কয়েকজন জানান, সিয়াম পরিবহন (মৌলভীবাজার-জ-০৪-০০৯৯) নামের বাসটি রাজশাহী থেকে তানোর হয়ে আমনুরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বুড়াবুড়ির মোড়ে পৌঁছালে তিন থেকে চারজন দৃর্বৃত্ত বাসের সামনে চালককে লক্ষ্য করে দুইটি পেট্রলবোমা ছুড়ে মারে।

পেট্রলবোমাটি চালকের কাছে বিস্ফোরিত হয়। এরপর আগুন ভেতরে ছড়িয়ে পড়লে তিন যাত্রী দগ্ধ হয়। এসময় চালক দ্রুত বাস থামিয়ে যাত্রীদের নেমে যেতে সহযোগিতা করেন। পরে দগ্ধদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তানোর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।