সিগারেটের আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ


প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৫ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিগারেটের আগুন জমাট গ্যাসে লেগে বিস্ফোরিত হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
মঙ্গলবার ভোরে বন্দরের স্বল্পেরচক এলাকাতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মোহাম্মদ রায়হান (৩৫), স্ত্রী মায়া বেগম (৩০) ও মেয়ে মরিয়ম (১৪)।
 
প্রত্যক্ষদর্শী পাশের রুমের ভাড়াটিয়া সেলিম বলেন, ভোরে বিকট শব্দ শুনে তাদের ঘুম ভাঙে। আগুন আগুন চিৎকার শুনে দ্রুত রুম থেকে বেরিয়ে দেখি পাশের ভাড়াটিয়া দিনমজুর রায়হান ও তার স্ত্রী মায়া দগ্ধ হয়ে রুমের বাইরে আছে। তখন ঘর থেকে কাঁথা এনে তাদের জড়িয়ে রাস্তায় বের করি। সেই সঙ্গে দগ্ধ অবস্থায় তার মেয়েকেও উদ্ধার করি।

বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নাসিরউদ্দিন জানান, দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্ধ রুমে গ্যাস জমে বিস্ফোরণ ঘটতে পারে। বিস্ফোরণের অন্য কারণ বা আলামত খুঁজে পাওয়া যায়নি।
 
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতভর ফ্যান চলার কারণে গ্যাস লাইজারের লিকেজ থেকে গ্যাস বেরিয়ে পাশের রুমে জমাট হয়। ভোরে সিগারেট জ্বালাতে দিয়াশলাইয়ের আগুন ধরালে জমাট গ্যাসে পড়ে বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের ৩ জন দগ্ধ হন। দগ্ধদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
মো: শাহাদাত হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।