কক্সবাজারে বৌদ্ধ সম্প্রদায় অধ্যুষিত এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার
মিয়ানমারের রাখাইন প্রদেশে চলছে চরম বর্বরতা। অপরাধী আটকের নামে এখানকার অসংখ্য বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। দেশ ছাড়া হয়েছে অগণিত নির্যাতিত রোহিঙ্গা মুসলমান।
বিশ্ব বিবেক নাড়া দেয়া বর্বরোচিত অত্যাচার নিপীড়ন, খুন, লুটপাটের প্রভাবে এদেশের বৌদ্ধ মন্দির ও বৌদ্ধপল্লীতে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় কক্সবাজার জেলার বৌদ্ধ বিহার ও রাখাইনপল্লীতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ। নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশি টহল।
উখিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফরোজুল হক টুটুল সম্প্রতি এনিয়ে উখিয়া থানায় বৌদ্ধ নেতৃবৃন্দ ও কমিউনিটি পুলিশের সদস্যদের নিয়ে মতবিনিময় করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার এখানকার বৌদ্ধ মন্দির ও বৌদ্ধপল্লীতে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন এবং সার্বক্ষণিক পুলিশি নজরদারি জোরদার রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এ জন্য এখানকার ৩৮টি বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ সম্প্রদায় অধ্যুষিত এলাকায় নেয়া হয়েছে কড়া নজরদারি।
শুধু উখিয়া নয়, রামুসহ পুরো কক্সবাজার জেলার রাখাইন সংখ্যাগরিষ্ঠ এলাকা ও উপাসনালয়ে বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রেজাউল করিম।
সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি