রাজশাহীতে যাত্রীবাহী বাসে ককটেল হামলা, আহত ৫
রাজশাহীর চারঘাটে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ককটেল হামলায় অন্তত ৫ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মাসুদুল আলম (৪০), থানাপাড়া গ্রামের রমজান আলী ছেলে তৌহিদুল ইসলাম (২২) ও বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী এলাকার কফিল উদ্দিনের ছেলে আবু বাক্কার (৪৫)। অন্য ২ জনের নাম জানা যায়নি।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জেসিকা পরিবহন নামের বাসটি রাজশাহী থেকে বাঘা যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাসটি চারঘাট-বানেশ্বর সড়কের হলিদাগাছী আশ্রয়ন প্রকল্পের কাছে পৌঁছালে বাসটিতে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বাসের ৫ জন যাত্রী আহত হয়।
ঘটনার পরপরই উপজেলার মোক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিমের ছেলে বিএনপিকর্মী আব্দুল খালেককে (৩২) আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
এসআরজে