বাঘায় ট্রাকে আগুন : প্যানেল মেয়রসহ আটক ৩
রাজশাহীর বাঘায় রসুন ভর্তি একটি ট্রাকে আগুন দেয়ার ঘটনায় জড়িত সন্দেহে প্যানেল মেয়রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে বাঘা থানার পুলিশ তাদের আটক করে।
আটকরা হলো, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, বাঘা পৌরসভার প্যানেল মেয়র-৩ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর তফিকুল ইসলাম তফি, বাঘা পৌর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও তুলশিপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে মাইনুল ইসলাম।
বাঘা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে বাঘা উপজেলা সদর থেকে ১৩৩ বস্তা রসুন বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ড-১১-০০২০ নম্বর) নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মনিগ্রাম গোঙ্গারামপুর মোড়ের ময়েজ উদ্দিনের বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছলে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে ট্রাকটির গতিরোধ করে। পরে ড্রাইভার ও হেলপারকে ট্রাক থেকে নামিয়ে মারপিট করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে রসুন ও ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিসংযোগের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরে সোমবার সকালে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। বিকেলের মধ্যে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
এমএএস/পিআর