ঢাবিতে উদযাপিত হলো ‘পতাকা উত্তোলন দিবস’


প্রকাশিত: ১২:১৩ পিএম, ০২ মার্চ ২০১৫

জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উদযাপিত হলো ‘ঐতিহাসিক ২ মার্চ পতাকা উত্তোলন দিবস’।

পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পরিবেশিত হয় দেশের গান।

সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এ ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস সেটি হচ্ছে গৌরবের ইতিহাস, অহংকারের ইতিহাস।

তিনি বলেন, পৃথিবীর এমন কোন বিশ্ববিদ্যালয় পাওয়া যাবেনা যে বিশ্ববিদ্যালয় তার দেশকে একটি স্বাধীন পতাকা এনে দিয়েছে। এসময় মান্না-খোকার ফোনালাফের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নষ্ট করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে। কয়েকদিন আগের গণমাধ্যমে ফাঁস হওয়া অডিও ক্লিপ্ট তারই প্রমাণ বহন করে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আক্তার হোসাইন। এছাড়া আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যলয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান, পতাকা উত্তোলন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবু মো. দেলাওয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জাব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষার্থীরা এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের শিল্পীরা।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।