প্রার্থীতা প্রত্যাহার করছেন না সোহেল মোল্লা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পার্টি ২০ দলীয় জোটের হলেও দলীয় সিদ্ধান্ত না পাওয়ায় মেয়র প্রার্থী রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা প্রার্থীতা প্রত্যাহার করছেন না। তিনি দলের ফোরাম থেকে কোনো ধরনের নির্দেশনা না পাওয়ায় হাত ঘড়ি প্রতীকে নির্বাচনে মাঠে থাকার সিদ্ধান্তে বহাল থাকছেন।
রোববার দুপুরে জেলা নির্বাচন অফিসে নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথাই জানান তিনি।
রাশেদ ফেরদৌস সোহেল জানান, তিনি কল্যাণ পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। নাসিক নির্বাচনে তাকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেয়া হয়। সেই সুবাদে দলীয় পরিচয়ে মনোনয়নপত্র সংগ্রহসহ দাখিল করা হয়। এমনকি বাছাই পর্বে দলীয় প্রার্থী হিসেবে প্রার্থীতা বৈধ হয়।
কিন্তু ২০ দলীয় জোটের বৈঠকের মাধ্যমে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার কথা বলা হলেও কল্যাণ পার্টির প্রার্থীকে দলীয় ভাবে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। যার কারণে আমি আমার প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারিনি।
এছাড়া তার দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এমএম আমিনুর রহমান অফিসিয়াল ভাবে কিছু বলেননি। যার কারণে তিনি নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এছাড়া তিনি অভিযোগ করেন, বিএনপির মেয়র প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খানও তাকে কিছু বলেনি।
শাহাদাৎ হোসেন/এফএ/পিআর