রোহিঙ্গাদের আরও ৮ নৌকা ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আরও আটটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।
টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত টেকনাফের কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে নাফ নদীর শূন্য রেখা থেকে রোহিঙ্গা বোঝাই ৮টি নৌকা ফেরত পাঠানো হয়। প্রতি নৌকায় ১৫-২০ জন রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু ছিল।
তিনি আরও জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে তৎপর রয়েছে। অনুপ্রবেশের অধিকতর চিহ্নিত স্থানগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া দেশে অবস্থান করা রোহিঙ্গারা যাতে বিভিন্ন স্থানে ছড়িয়ে না পড়তে পারে সেজন্য বিভিন্ন সড়কে বিজিবি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। বর্তমানে বিজিবির সতর্ক পাহারার কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
গত ১ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত টেকনাফের আনোয়ার মৎস্য খামার, ২ নম্বর স্লুইসগেট, ৬ নম্বর স্লুইসগেট, ৭ নম্বর স্লুইসগেট, লম্বাবিল, তুলাতলি, লম্বাবিল হাউসের দিয়া, কাটাখালী, উলুবনিয়া, ঝিমংখালী, ওয়াব্রাং, লেদা, মোচনি, দমদমিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে ২২২টি নৌকায় ২ হাজার ২৫০ জন রোহিঙ্গাকে প্রতিহত করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি