গাজীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবক খুন


প্রকাশিত: ১০:১৬ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

গাজীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবক শরীফুল ইসলাম পলাশকে (২৫) খুন করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ছোট দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় আব্দুল জলিলের ছেলে। নিহত পলাশ মাছ ও গরুর খামারী ছিলেন।

নিহত পলাশের স্ত্রী জুনি বেগম জানান, গত রাত সাড়ে ৭টার দিকে প্রয়োজনীয় কথা বলে বাসা থেকে পলাশকে স্থানীয় সুমন, মনির, জহিরুল, সাঈদ, জীবন লস্কর ডেকে নেয়। পরে ১১টার দিকে তাদের বাড়ির অদূরে ভোড়া এলাকায় একটি রাস্তার পাশের ক্ষেত থেকে পলাশকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার চিহ্ন রয়েছে এবং এক হাতের দুইটি আঙ্গুল বিচ্ছিন্ন রয়েছে। এর আগে রাত ১০টার দিকে জহিরুল মোবাইল করে পলাশের স্ত্রী জুনিকে জানায় দুর্বৃত্তরা আমাদের মারধর করে তার স্বামীকে ধরে নিয়ে গেছে। পরে খোঁজ পেয়ে ভোড়া এলাকা থেকে স্বজনরা অচেতন অবস্থায় পলাশকে উদ্ধার করেন।

নিহতের বোন শিরিন আক্তার জানান, কয়েক বছর আগে স্থানীয় মনির আমার ভাইকে এক খণ্ড জমি কিনে দেয়। সম্প্রতি ওই জমিটি আত্মসাৎ করতে মনির বিভিন্ন সময় পলাশকে ভয়-ভীতি দেখতো।

জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে ওই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। সোমবার দুপুর পর্যন্ত থানায় ওই ব্যাপারে কোনো মামলা হয়নি।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।