আইভীর জন্য দোয়া করলেন শামীম ওসমানের শাশুড়ি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে জয়ী হওয়ার জন্য দোয়া করেছেন সংসদ সদস্য শামীম ওসমানের শাশুড়ি সামছুন নাহার। তিনি আইভীকে মাথায় হাত বুলিয়ে দোয়া করেন এবং সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেন।
সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের ১২নং ওয়ার্ডের উত্তর চাষাঢ়া এলাকায় গণসংযোগের একপর্যায়ে শামীম ওসমানের শ্বশুরবাড়ি যান আইভী।
পরে আইভীকে তাদের বাড়িতে আসতে দেখে ভবনের দ্বিতীয় তলা থেকে হাত নেড়ে আহ্বান জানান শামীম ওসমানের শাশুড়ি সামছুন নাহার। পরে বাড়ির প্রহরী গেট খুলে দেয় এবং বাড়ির নিচ তলায় নেমে আসেন তিনি। সেখানেই কুশলবিনিময় করে শামীম ওসমানের শ্বশুরের খোঁজ নেন এবং আইভী নির্বাচনের জন্য দোয়া প্রার্থনা করেন।
এসময় শামীম ওসমানের শাশুড়ি সামছুন নাহার বলেন, ‘দোয়া করি তুমিই জয়ী হবে। তোমার খালু অসুস্থ। বাসায় আসো চা খেয়ে যাও। পরে আইভী নির্বাচনী গণসংযোগের কথা বলে চলে আসেন।’
শাহাদাত হোসেন/এআরএ/পিআর