বিনা চিকিৎসায় প্রসূতি মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি


প্রকাশিত: ০২:২৫ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাললে বিনা চিকিৎসায় গর্ভের সন্তানসহ জুঁই (২৫) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সোমবার ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এনকে আলমকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, যশোর মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক মণিকা রাণী মোহন্ত ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শ্যামল কৃষ্ণ সাহা বলেন, সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রোববার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে প্যানেল পরিচিত সভা উপলক্ষে রোববার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়। এ সময় আড়াই ঘণ্টা রোগীদের সকল প্রকার সেবা বন্ধ ছিল।

ওদিন সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালে বহির্বিভাগ ও আন্তঃবিভাগে কোন চিকিৎসক দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় বিনা চিকিৎসায় গর্ভজাত সন্তানসহ জুঁই নামের এক প্রসূতির মৃত্যু হয়।  

মিলন রহমান/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।