সেনাবাহিনী ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েনের দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সেনাবাহিনী ছাড়া কোনোভাবে সুষ্ঠু হতে পারে না। সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে আমাদের দলীয় প্রার্থী লিখিত ভাবে জানিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশনার সেটা আমলে না নিয়ে প্রকাশ্যে সেটা নাকচ করে দিয়েছেন।
বুধবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিএনপির মিডিয়া সেল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকার দলের ক্যাডারদের নিয়ে গঠিত। তাই বিগত সময়ে যতগুলো নির্বাচন হয়েছে তার কোনোটিতেই ভোটাররা ভোট দিতে পারেনি। এই নির্বাচন কমিশন ভোট ডাকাতদের সহযোগিতা করেছে। তাই নাসিক নির্বাচন কেমন হবে সেটা নিয়ে ভোটাররা উদ্বিগ্ন।
তিনি বলেন, সরকারি আনুকূল্য কিছু ব্যক্তি পরিবেশকে বিঘ্ন করার চেষ্টা করছেন। তবে মানুষ ভোটকেন্দ্রে যেতে পারলে ও ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত।
এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর বাসভবনে গঠিত বিএনপির ওই মিডিয়া সেল থেকে এখন নিয়মিত সংবাদ সম্পর্কিত সকল তথ্য প্রদান করা হবে বলেও জানা গেছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. তৈমূর আলম খন্দকার ও আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম, অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ, সাবেক এমপি গিয়াসউদ্দিন ও আবুল কালাম, নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল, জেলা স্বেছাসেবক দলের আহ্ববায়ক জাহিদ হাসান রোজেল, রূপগঞ্জ থানা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকন ও পেশাজীবী নেতা রুহুল আমিন প্রমুখ।
শাহাদাত হোসেন/এফএ/এমএস