নীরব ভোট বিপ্লবে ধানের শীষ বিজয়ী হবে : সাখাওয়াত


প্রকাশিত: ০৮:২১ এএম, ১৭ ডিসেম্বর ২০১৬

২২ তারিখের নির্বাচনে নীরব ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষ বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষা ও প্রতিষ্ঠার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। ২২ তারিখে যদি জনগণ ভোট দিতে পারে, তাহলে পরিবর্তন আসবে, বিএনপি জয়ী হবে।

শনিবার সকালে নাসিক নগরীর ৪নং ওয়ার্ডের শিমরাইল এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এ এলাকা বিএনপি সমর্থক অধ্যূষিত এলাকা। যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখন মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। ধানের শীষ বিজয়ী হয়েছে। এ এলাকার মানুষ শান্তি প্রিয়। এর আগে ১৩ বছর একজন কাজ করেছে। আমাকে যদি জনগণ ভোট দিয়ে ৫ বছরের জন্য নির্বাচিত করে, তাহলে এ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন, সালাউদ্দিন ভুইয়া শিশির, একরামুল হক বিপ্লব, অধ্যাপক আমিনুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু প্রমুখ।
 
পরে তিনি নগরীর ৫,৬ ও ৭নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে ছিলেন নির্বাচনের সিদ্ধিরগঞ্জের প্রধান সমন্বয়কারী বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম ও ডা. দেওয়ান সালাহ উদ্দিন বাবু প্রমূখ।

অপরদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক ও জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানার নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীরা নগরীর ১নং ওয়ার্ডের হিরাঝিল, পাইনাদীসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।

হোসেন চিশতী সিপলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।