নাসিক নির্বাচনে ভোটারদের মাঝে উৎসবের আমেজ


প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উৎসবের আমেজ বিরাজ করছে। তারা ২২ তারিখের অপেক্ষায়। ওই দিন ভোটের মাধ্যমে নারায়ণগঞ্জবাসী তাদের পছন্দের প্রার্থী বেছে নেবেন।

এদিকে নির্বাচনের শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। পাড়া-মহল্লায় মেয়র প্রার্থী ছাড়াও রয়েছে কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা।

মেয়র নির্বাচনে এবারই প্রথম দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হয়েছে দেশের বড় দুটি দলের কেন্দ্রীয় নেতাদের বহর। প্রতিদিন সকাল থেকে রাত অবধি বিএনপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ডজনখানেক নেতা দলীয় প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নাসিক নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার রাত ১২টায়। শেষ সময়ে নগরীর প্রতিটি এলাকার অলিগলি, পাড়া-মহল্লায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। গণসংযোগ-জনসংযোগকে কেন্দ্র করে সরগরম পুরো নগরী। প্রচারণায় ঘরে ঘরে ভোটারের দ্বারস্থ হচ্ছেন প্রার্থীরা। ভোট চাচ্ছেন, সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পুরো নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সোমবার থেকে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, সোমবার থেকে ২২ প্লাটুন বিজিবি নারায়ণগঞ্জ মহানগর এলাকায় মোতায়েন করা হবে। পাশাপাশি র‌্যাব, পুলিশও কাজ করবে। তাছাড়া আগের মত প্রতিটি ওয়ার্ডে তথা ২৭ ওয়ার্ডেই একজন করে ম্যাজিস্ট্রেটও কাজ করছেন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে জেলা পুলিশ।

পুলিশ সুপার মঈনুল হক বলেন, নির্বাচন সামনে রেখে জনগণের জানমালের নিরাপত্তা, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।

নগরীর গলাচিপা এলাকায় ১৩ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সমর্থকদের নিয়ে শেষ বারের মত প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় খোরশেদ সমর্থক রানা মিয়া বলেন, নির্বাচনের বাকি আর অল্প কিছু সময়। তাই আমরা সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছি। বিভিন্ন এলাকায় মানুষের কাছে গিয়ে দোয়া চাচ্ছি। সব কিছু ঠিক থাকলে সুন্দর পরিবেশে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।