সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ চান নতুন ভোটাররা


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২১ ডিসেম্বর ২০১৬

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ দেখতে চান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের নতুন ভোটাররা। তারা সন্ত্রাসকে পছন্দ করেন না।  পাশপাশি তারা সমাজকে দেখতে চান মাদকমুক্ত। তাদের চাওয়ার সাথে সমন্বয় করে যে কাউন্সিলর সমাজকে ঢেলে সাজাতে পারবেন তাকেই কাউন্সিলর হিসেবে বেছে নেবেন নতুন ভোটাররা। বৃহস্পতিবার অনুষ্ঠেয় নাসিক নির্বাচনে তারা প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  

নাসিক ১ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শাপলা চত্বর এলাকার আব্দুল হান্নান। ২১ বছর বয়সী আব্দুল হান্নান বলেন, এলাকার অনেক স্থানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের দেখা যায় হরহামেশা। কিন্তু তাদের বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নেয় না। আমি এমন কাউন্সিলারকে ভোট দিব, যিনি মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় নয় বরং আটক করে আইন-শৃঙ্খলবাহিনীর হাতে সোপর্দ করার সাহস রাখে।

ধনুহাজী রোড এলাকার মনিরুজ্জামান সোহেল জানালেন ভিন্নকথা। তার মতে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজের পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থাও ভাল থাকা চাই। তিনি বলেন, আমাদের ধনুহাজী রোড থেকে পিএম একাডেমির রাস্তাটি দীর্ঘদিন যাবত ভাঙা ও এবড়ো থেবড়ো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পাঁচ বছরে এ রাস্তার কোনো প্রকার সংস্কার করা হয়নি। অথচ প্রতিদিন স্কুল, কলেজ মাদরাসাসহ এলাকার কয়েক হাজার লোক এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে।

নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি মাদ্রাসা রোড এলাকার ২০ বছর বয়সী শেখ আমান উল্যাহ আমানের ভাষায়, আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো কি না তা নিয়ে শঙ্কায় রয়েছি। যদি আমার ভোট আমি দিতে পারি, তবে রাতে ও দিনে যাকে এলাকাবাসী কাছে পাবে ওই রকম প্রার্থী দেখে ভোট দিব।

২১ বছর বয়সের হাজেরা মার্কেট এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ভোট দেয়ার কোনো পূর্ব অভিজ্ঞতা আমার নেই। এবারই প্রথম ভোট দিব। তবে যোগ্য প্রার্থীকেই ভোট দিব।  

নাসিক ৬ নং ওয়ার্ডের ২৩ বছর বয়সী পারভেজুর রহমান রাকিব বলেন, আমরা সন্ত্রাসকে পছন্দ করি না। আমরা চাই সন্ত্রাসমুক্ত সমাজ। এমন দেখেই আমি এবার কাউন্সিলর প্রার্থীকে ভোট দিব।

৮ নং ওয়ার্ডের এনায়েতনগর এলাকার বাসিন্দা ও নারায়ণঞ্জ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ১৯ বছর বয়সের কাজী সাঈদ হাসান ইরফান বলেন, সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দিব।

একই এলাকার তাহমিনা আহসান লীজা বলেন, নিজের ভোট নিজে দিতে পারবো কি না তা নিয়ে আমি শঙ্কিত। জীবনের প্রথম ভোট দিব। নিজের ভোট যেন নিজে দিতে পারি সেই ব্যবস্থা করতে প্রশাসনের কাছে আবেদন রইল।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডের মধ্যে ১০ টি ওয়ার্ডের অবস্থান সিদ্ধিরগঞ্জ থানা এলাকায়। আগামীকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

হোসাইন চিশতি সিপলু/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।