বিয়ারসহ জেলা পরিষদের মহিলা সদস্যের স্বামী আটক
গাজীপুরের শ্রীপুর থেকে ৬ কার্টন বিয়ারসহ কামরুজ্জামান দুলাল ওরফে দুলু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। দুলু গাজীপুর জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত নারী সদস্য রাশিদা খন্দকারের স্বামী।
শনিবার রাতে শ্রীপুরের চকপাড়া গ্রামের সলিং মোড়ের নিজ দোকান থেকে তাকে আটক করা হয়। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল মুত্তালিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, দুলু নিজ দোকানে মুদি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শনিবার রাত সাড়ে ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবদুল মুত্তালিবের নেতৃত্বে একদল পুলিশ দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার দোকান থেকে ৬ কার্টন (১৪৪ ক্যান) বিয়ার উদ্ধার করে। ইতিপূর্বেও তিনি একাধিকবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদকসহ আটক হয়েছিলেন।
উপ-পরিদর্শক (এসআই) আবদুল মুত্তালিব বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মো. আমিনুল ইসলাম/এএম