মাদরাসাছাত্রীকে ছুরিকাঘাতকারী সেই বখাটে গ্রেফতার


প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৯ জানুয়ারি ২০১৭

কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়নে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে মাদরাসাছাত্রীকে ছুরিকাঘাতকারী মিনহাজকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা হওয়ার পর রোববার রাতে কোনাখালী ইউপি চেয়ারম্যান মিনহাজকে পুলিশের হাতে তুলে দেন।
 
ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে মিনহাজ ওই ছাত্রীকে ছুরিকাঘাত করে। পরে ঘটনাটি মেয়ের পরিবার আমাকে জানালে তাৎক্ষণিকভাবে ওই যুবককে ডেকে এনে ইউনিয়ন পরিষদে আটক রাখা হয়। স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করার আশ্বাসে এলাকার গণ্যমান্য লোকজনের অনুরোধে তাকে ওয়ার্ড মেম্বারের জিম্মায় দেয়া হয়।
 
বিষয়টি নিয়ে রোববার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। পরে বিষয়টি নিয়ে কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভায় আলোচনা হয়।
 
আইন-শৃঙ্খলা রক্ষাকারী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নির্দেশে চকরিয়া থানায় মামলা হয়েছে।
 
এরপর পুলিশ মিনহাজকে তাদের জিম্মা থেকে থানায় সোপর্দ করতে বলা হলে রোববার রাতেই স্থানীয় ইউপি মেম্বার মঈনুদ্দিনের সহায়তায় অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। এ ঘটনায় আহত ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
 
সূত্র জানায়, উপজেলার কোণাখালী ইউনিয়নের সেনঘোনা এলাকার মুদির দোকানদার মোকতার আহমদের মেয়ে স্থানীয় হেদায়তুল উলুম দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী হুরে জন্নাত বিলকিসকে (১৫) মাদরাসায় যাওয়ার পথে বিভিন্ন সময় প্রেম নিবেদন করে উত্ত্যক্ত করতো একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাতুরবাপের পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মিনহাজ উদ্দিন। মিনহাজ পেকুয়া উপজেলা মেহেরনামা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী।
 
রোববার আইন-শৃঙ্খলা সভার পর সংরক্ষিত নারী আসনের এমপি খোরশেদ আরা হকসহ অন্যরা তাকে দেখতে হাসপাতালে যান।
 
সোমবার তাকে দেখতে হাসপাতালে যান জেলা প্রশাসক মো. আলী হোসেন ও পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন। তারা তার পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা ও আর্থিক সহযোগিতার দেন।
 
এ বিষয়ে বিলকিসের বাবা মোকতার আহমদ বলেন, গণমাধ্যমের কল্যাণে আমার মেয়ে পর্যাপ্ত চিকিৎসা ও হামলার বিচার পেতে যাচ্ছে। এ জন্য আমি সাংবাদিকসহ প্রশাসনের সকলের প্রতি কৃতজ্ঞ।
 
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খাঁন বলেন, প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রীকে ছুরিকাঘাতকারী তরুণকে রোরবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সহায়তায় গ্রেফতার করা হয়। সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।