বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৮ মার্চ ২০১৫

বরিশাল নার্সিং কলেজে একাডেমিক ভবন রক্ষার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টার দিকে কলেজের সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে একাডেমিক ভবনের সামনে তারা  বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, সম্প্রতি নার্সিং কলেজের শিক্ষার্থীদের জন্য নির্মিত একাডেমিক ভবনটি  বরিশাল মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্রীদের থাকার জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে। তারা বুধবার সকালে জানতে পারে যে,  মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় তাদের একাডেমিক ভবন বুঝে নিতে পারেন।  এ খবর শুনে তারা কলেজের সবকয়টি ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, একটি চার তলা দুই ব্লকের ভবনে বরিশাল নার্সিং কলেজের একাডেমিক কার্যক্রম ও ছাত্রী নিবাসের কার্যক্রম পরিচালিত হয়। যেখানে প্রায় পাঁচশ’ ছাত্রী বসবাস করে আসছেন। এছাড়া, ছাত্ররা কলেজের প্রায় এক কিলোমিটার দূরে একটি দোতলা ভবনে বসবাস করছেন। ভবন দু’টিতে আবাসন সংখ্যা মাত্র দুইশ’, কিন্তু জায়গা সঙ্কটের কারণে সেখানেই কষ্ট করে চলছে নার্সিং কলেজের শিক্ষার্থীদের জীবন।

দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে নার্সিং কলেজের জন্য একটি একাডেমিক ভবন নির্মাণের কাজ শুরু হয়। যা কিছুদিন পূর্বে ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানায়, তারা নিজেরাই মানবেতর অবস্থায় পুরনো ভবনে থাকছেন। এ অবস্থায় তাদের নতুন ভবন কাউকে ব্যবহার করতে দেবেন না। নতুন একাডেমিক ভবন মেডিকেল কলেজ ছাত্রীদের ব্যবহারের সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষনা দেন আন্দোলনকারী নার্সিং শিক্ষার্থীরা।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ আলেয়া পারভীন জানান, দুই মাসের জন্য একাডেমিক ভবনটি মেডিকেল কলেজের ছাত্রীদের ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে। আর এটা মানবিক কারণে। এ ঘটনায় আন্দোলনের কিছু নেই। বিষয়টি নিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।

এসএইচএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।