তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পন্ন


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৭

মুসলমানদের অন্যতম বৃহত্তম সমাবেশ ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১৩ জানুয়ারি শুরু হচ্ছে। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্বের। এরই মধ্যে টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দান মুসল্লিদের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

ইজতেমার বিশাল ময়দানজুড়ে টাঙানো হয়েছে চটের সামিয়ানা। জেলাওয়ারি খিত্তার ভাগসহ বিদেশি মেহমানদের জন্য ইজতেমা ময়দানের পাশে নির্মাণ করা হয়েছে টিন শেডের আলাদা থাকার জায়গা। ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রথম পর্বে ১৬টি জেলার মুসল্লিরা অংশ নেবেন।

ইজতেমার সার্বিক কাজের প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইজতেমার শীর্ষ মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন।

তিনি জানান, বিশ্ব ইজতেমা সফল ও সুন্দরভাবে সম্পন্ন এবং দ্বীনের মেহনত কায়েমের লক্ষ্যে জোড় ইজতেমা থেকেই মুসল্লিরা দলে দলে ভাগ হয়ে ইজতেমার মাঠে কাজ করেছেন। প্রতি বছরের মতো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসলমানরা ইজতেমা মাঠে প্রস্তুতিমূলক কাজ করেন।

তাবলীগ জামাতের উদ্যোগে ১৬০ একর এলাকাজুড়ে বিস্তৃত ইজতেমা মাঠে বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলীগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। তারা এখানে তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতি কাজ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান।

রোববার গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে ইজতেমার প্রস্তুতিমূলক সভায় ইজতেমা মাঠ প্রস্তুতিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর মধ্যে রয়েছে- ইজতেমা এলাকার পরিবেশ উন্নয়ন, আইন-শৃঙ্খলা, বস্তি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, মুসল্লিদের অজু, গোসল, রান্নাবান্না, খাবার পানি সরবরাহ, বিদেশি মেহমানদের জন্য টয়লেট ও গোসলখানা নির্মাণ, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা, মশক নিধন ও দুর্গন্ধ দূরীকরণ, তুরাগ নদীতে পল্টুন ব্রিজ নির্মাণ, বিদেশি মেহমানদের তাবুতে গ্যাস সরবরাহ, টেলিফোন সংযোগ প্রদান, বিশেষ ট্রেন ও বাস সার্ভিসের ব্যবস্থা, খাদ্যে ভেজাল রোধ এবং দৃব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও যানজট নিরসন, ইজতেমাস্থলে ধূলাবালি নিয়ন্ত্রণ, পিএ কভারেজ, আপত্তিকর সিনেমা পোস্টার অপসারণ, ফুট ওভার ব্রিজ সংস্কার, গাছপালা সংরক্ষণ, কন্ট্রোলরুম স্থাপন।

এবারও ৫ স্তরের বিশেষ নিরাপত্তা, মুসল্লিদের চিকিৎসা সেবায় ১৪টি অ্যাম্বুলেন্স, বিআরটিসির ৩৫০টি বাসসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে, ইজতেমা সফল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইজতেমা মাঠ পরিদর্শনসহ তাদের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছেন। প্রতিবারের মতো বিশ্ব ইজতেমা ময়দানের প্রবেশ পথে তল্লাশির ব্যবস্থা ছাড়াও র্যা ব ও পুলিশের ওয়াচ টাওয়ার নির্মাণ, সিসিটিভি স্থাপন, খিত্তাওয়ারি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ কাজ করবে।

প্রথম পবের্র পর ৪ দিন বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি। শেষ হবে ২২ জানুয়ারি।

গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, বিশ্ব ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা মনিটরিং এর লক্ষ্যে র্যা বের জন্য ৯টি ও জেলা পুলিশের জন্য ৫টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ইজতেমায় আগত মুসল্লিদের ওযু গোসল, পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানি সরবরাহের জন্য স্থাপিত ১২টি নলক‚প দ্বারা ১২ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। যার মধ্যেমে প্রতিদিন ঘন্টায় ৩ কোটি ৫৫ লাখ গ্যালন পানি সরবরাহ করা হবে।

ইজতেমা চলাকালে ২৫টি গার্বেজ ট্রাকের মাধ্যমে দিন-রাত বর্জ্য অপসারণ করা হবে। মশক নিধনের জন্য ২৪টি  ফগার মেশিন কাজ করবে।

তিনি আরও জানান, এবারের ইজতেমায় ৩২টি জেলা অংশ নেবে। এর জন্য পুরো ময়দানকে প্রথম পর্বে ২৭টি খিত্তা ও পর্বের ও দ্বিতীয় পর্বে ২৯টি খিত্তায় ভাগ করা হয়েছে।

এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেওয়া জেলাগুলো হলো- গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপলগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, বাগেরহাট, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ীয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল ও সাতক্ষীরা। বাকি জেলাগুলো ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া  দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবে।

১৯৬৭ সাল থেকে নিয়মিত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯৬ সালে একই বছর দুইবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। ধর্মপ্রাণ মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে নিয়মিত দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করা হচ্ছে।

মো. আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।