যুবলীগ নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১১ জানুয়ারি ২০১৭

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মাসুম আকন্দের নিখোঁজ স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় যুবলীগ নেতা মাসুমকে আটক করা হয়েছে।

বুধবার বিকেলে স্থানীয় একটি মসজিদের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাসিমা আক্তার (৩৬) ওই যুবলীগ নেতার দ্বিতীয় স্ত্রী।

মাসুম ও নাসিমার মধ্যে পরকীয়া সম্পর্কের সূত্র ধরে দুই বছর আগে তাদের বিয়ে হয়। তিনি নাগরী ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য ছিলেন। নিহত নাছিমা উপজেলার সেনপাড়া গ্রামের মো. সোবহান আলীর মেয়ে।   

কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. গোলাম মাওলা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাসুমের স্ত্রী নাসিমা আক্তার গত বছরের ১০ নভেম্বর স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের দুই মাস পর তার মরদেহ বুধবার বিকেলে রাথুরা দক্ষিণপাড়া জামে মসজিদের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, নাসিমা নিখোঁজের পর কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার ভাই। ঘটনার পর যুবলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।

আব্দুর রহমান আরমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।