ইজতেমা ময়দানে মুসল্লির মৃত্যু
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা এক মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।
নিহত মো. ফজলুল হক (৫৬) ময়মনসিংহের নান্দাইল উপজেলার মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। তিনি বুধবার বিশ্ব ইজতেমা ময়দানে আসেন।
ইজতেমার মুরুব্বী মো. গিয়াস উদ্দিন জানান, ইজতেমার ১০ খিত্তায় অবস্থানকারী ওই মুসল্লি সকালে পানি আনতে খিত্তার বাইরে যান। পানি নিয়ে খিত্তায় ফিরে তিনি অসুস্থবোধ করেন। পরে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
বাদ জোহর ইজতেমা ময়দানে তার জানাজার নামাজ শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।
শুক্রবার থেকে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে। এতে দেশের ১৭টি জেলার মুসল্লিরা যোগ দেবেন।
আমিনুল ইসলাম/এফএ/আরআইপি