টাঙ্গাইলে আগুনে পুড়ে নিহত ১, আহত ২
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আগুনে পুড়ে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল হামিদ (২৩)। হামিদ একই উপজেলার বড়চওনা গ্রামের বাসিন্দা।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, একটি মনোহারী দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এ সময় সেখানে ঘুমিয়ে থাকা চারজন দ্রুত বের হওয়ার চেষ্টা করে। এদের মধ্যে একজন অক্ষত এবং দুইজন আগুনে দগ্ধ অবস্থায় বের হয়। তবে আব্দুল হামিদ ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। খবর পেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এসএইচএ/এমএস