মনজুরের কুশপুতুল পোড়াল ছাত্রদল
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলমের বিরুদ্ধে বিক্ষোভ ও তার কুশপুতুল পুড়িয়েছে মহানগর ছাত্রদলসহ বিএনপি সমর্থিত একাধিক সংগঠন। মঙ্গলবার নগরীর একাধিক স্থানে এ কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র মনজুর আলমকে আবারও বিএনপি সমর্থন দেবে এমন খবর ছড়িয়ে পড়ায় এ কর্মসূচি পালিত হয়।
সকালে নগরীর প্রবর্তক ও মেহেদীবাগ এলাকায় পৃথক মিছিল, সমাবেশ, অবস্থান ধর্মঘট, কুশপুতুল দাহসহ নানা কর্মসূচি পালন করে ছাত্রদল।
এছাড়া দুপুর ১ টায় নগরীর প্রবর্তক মোড়ে একদল ছাত্রদল নেতা-কর্মীর বিক্ষোভ থেকে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টার কুশপুতুলে আগুন দেন।
মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ বলেন, সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে থাকে না এমন একজন বঙ্গবন্ধুর সৈনিককে মেয়র পদে আবারও সমর্থন দেওয়ার চেষ্টা করছে দলের কেন্দ্রীয় নেতারা। ঢাকা থেকে কেন্দ্রীয় নেতাদের চাপিয়ে দেওয়া এম মনজুর আলমকে গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন নগর ছাত্রদলের সহসভাপতি জসিম উদ্দিন।
তিনি বলেন, বিএনপির অনেক নেতা আছেন যারা মেয়র পদে যোগ্য। আবদুল্লাহ আল নোমান, আমির খসরু, গোলাম আকবর খোন্দকার বা ডা. শাহাদাত হোসেনকে মেয়র পদে প্রার্থী ঘোষণার দাবি জানান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিটু বলেন, বর্তমান মেয়র বিএনপির সমর্থন নিয়ে জয়লাভ করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্বার্থ রক্ষা করেছেন। তিনি আবারও বিএনপির সমর্থনে মেয়র হলে আওয়ামী লীগের নেতাদের স্বার্থ রক্ষা করবেন। কারণ দলের দুঃসময়ে সরকারবিরোধী কোনো আন্দোলনে তিনি মাঠে ছিলেন না।
এএইচ/পিআর