পণ্য খালাসে ব্যবহার করতে হবে আধুনিক প্রযুক্তি


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজস্ব জাতীয় অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অক্সিজেন। এ অক্সিজেন বন্ধ করতে পারি না। এ অক্সিজেন সংগ্রহ করতে হবে। রাজস্ব প্রদান ও আদায় করা ব্যবসায়ীদের ম্যান্ডেট। সেই সঙ্গে কাস্টমস কর্মকর্তারাও সতর্ক হয়ে কাচের দেয়ালের মধ্যে কোনো রকম অনিয়ম না করে রাজস্ব আহরণে এবং ব্যবসায়ীদের সহায়তা করুন।

ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করে রাজস্ব বৃদ্ধি করতে হবে। এসময় তিনি দ্রুত পণ্য খালাসের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন।

বৃহস্পতিবার দুপুরে ‘ডাটা অ্যানালাইসিস’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসে যশোরের বেনাপোল কাস্টমস হাউজ মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

বেনাপোল বন্দরে পণ্যজট, যানজটসহ বিকল্প সড়ক নির্মাণ সম্পর্কে এলাকার ব্যবসায়ীদের সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য সংসদে কথা বলবেন বলে জানান মন্ত্রী।
 
যশোর-বেনাপোল কাস্টমসের আঞ্চলিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মাহবুবুর রহমান, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এম আব্দুস সাত্তার প্রমুখ।

র‌্যালিটি বেনাপোল কাস্টমস হাউজ থেকে বের হয়ে চেকপোস্ট নোম্যান্সল্যান্ড হয়ে আবার কাস্টমস হাউজে ফিরে আসে। র‌্যালিতে যশোর ও বেনাপোল কাস্টমসের সকল কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।

জামাল হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।