প্রাইভেটকারভর্তি ফেনসিডিলসহ আটক ১২
নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ১২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তাদের কাছ থেকে ৮০০ বোতল ফেনসিডিল, ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সঙ্গে মাদক বহনকারী একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটকরা হলেন, মো. সেলিম (৩২), মো. বাদল (৫২), মো. আবু সাঈদ (৪০), মো. আরিফ (৩৫), মোর্শেদ (৩৫) মো. রবিন (২৩), অহিদ (৩০), মো. মালেক (৪৯), মো. সোহাগ (২৪), মো. শরিফুল ইসলাম (২৫), মো. রিপন (২৬)ও জহিরুল ইসলাম (৪০)। তারা নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
মঙ্গলবার ভোরে বন্দর উপজেলার নবীগঞ্জস্থ আকিজ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে জেলা পুলিশ সুপারে কার্যালয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, তার নেতৃত্বে পুলিশ হেডকোয়ার্টারস গোয়েন্দা শাখার বিশেষ টিমের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ১২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৮০০ বোতল ফেনসিডিল, ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার সাথে জব্দ করা হয়েছে মাদক বহনকারী দুটি গাড়ি।
তিনি আরও জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে মাদক সরবরাহ করে বিলাস বহুল গাড়ি করে নারায়ণগঞ্জে বন্দর নবীগঞ্জে স্থানীয় ক্ষমতাসীনদের সহয়তায় মাদক বিক্রি করে আসছিল। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করে আসছিল। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি