রূপগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৪২


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭
প্রতীকী

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র (বস্তি) এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ অভিযান চালিয়েছে। এ সময় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবীসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনা করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র (বস্তি) এলাকায় সবচেয়ে বেশি মাদক বিক্রি-সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে।

তিনি জানান, ওই এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামির সংখ্যা অনেক বেশি। এছাড়া বিভিন্ন জায়গা থেকে অপরাধীরা এখানে এসে গা ঢাকা দিয়ে থাকে।

সকাল ৯টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, আসমা সুলতানা নাসরিন ও হোসাইন মোহাম্মদ আল জুনায়েতের নেতৃত্বে এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিুর রহমান, মতিউর রহমানসহ (অপরাধ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ অভিযান চলে।

অভিযানে ৪২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে খায়রুল ইসলাম, বাবু, খলিল ওরফে হিরা, আল-আমিন, কাবিল উদ্দিন, আলমগীর হোসেন, শিপন, মনির, জহির, রশিদ শেখ ও রাজা মিয়ার কাছে বিভিন্ন ধরনের মাদক পাওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। বাকি ২৬ জনকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। সন্দেহজনক আটকদের যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

মীর আব্দুল আলীম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।