দুই ভাইয়ের মাথা ফাটিয়ে দিলো প্রতিপক্ষ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসতবাড়ির জমির ওপর দিয়ে বাথরুমের পাইপ স্থাপন করতে না দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন দুই ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল মধ্যেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, গোলাকান্দাইল মধ্যেপাড়া এলাকার মোসলউদ্দিনের ছেলে ইসমাইল হোসেন ও নজরুল ইসলাম।
মাইক্রোবাসচালক ইসমাইল হোসেন জানান, তাদের সঙ্গে একই এলাকার শাহপরানদের বাড়ির জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে শাহপরান তাদের বাড়ির বাথরুমের পাইপ ইসমাইল হোসেনের বাড়ির জমির ওপর দিয়ে স্থাপনের চেষ্টা চালায়।
এ সময় ইসমাইল হোসেনসহ পরিবারের লোকজন বাধা প্রদান করেন। এক পর্যায়ে শাহপরান, আলী হোসেনসহ তাদের লোকজন বাঁশ দিয়ে ইসমাইল হোসেনের মাথা ফাটিয়ে দেন।
ইসমাইল হোসেনকে বাঁচাতে এগিয়ে এলে একই কায়দায় তার ভাই নজরুল ইসলামের মাথাও ফাটিয়ে দেয়া হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে অভিযুক্ত শাহপরানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাথা ফাটিয়ে দেয়ার ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এখন পর্যন্ত এ ধরনের ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মীর আব্দুল আলীম/এএম/আরআইপি