৫ খুনের মামলায় আরও ৩ জনের সাক্ষ্যগ্রহণ
নারায়ণগঞ্জে মামীর সঙ্গে পরকীয়ার জেরে আলোচিত পাঁচ খুন মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
বুধবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে নয়ন, সাইফুল ইসলাম ও লাভলু সাক্ষ্য দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩১ জন সাক্ষীর মধ্যে প্রায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে নয়ন, সাইফুল ও লাভলু নামে আরও তিনজন সাক্ষ্য প্রদান করেছেন। সাক্ষ্য প্রদানের সময় এ মামলার একমাত্র আসামি ভাগ্নে মাহফুজ উপস্থিত ছিলেন।
এদিকে এ মামলায় আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করছেন সাবেক পিপি অ্যাডভোকেট সুলতানুজ্জামান।
উল্লেখ্য, গত বছরের ১৬ জানুয়ারি শহরের বাবুরাইল এলাকার আশেক আলী ভিলার নিচ তলায় মামা শফিকের বাসায় অবস্থান করে নির্বিঘ্নে মামী তাসলিমা (৩৫), তার ছেলে স্কুলছাত্র শান্ত (১০) ও মেয়ে স্কুলছাত্রী সুমাইয়া (৬), তাসলিমার ভাই মোরশেদুল (২২) ও তাসলিমার জা লামিয়াকে (২০) শ্বাসরোধ ও শিল পোঁতা দিয়ে আঘাত করে একাই ৫ জনকে হত্যা করে।
পরে ২১ জানুয়ারি আদালতে মাহফুজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। গত ৫ মে মামলাটি বিচারের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে স্থানান্তর হয়ে আসলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ২৫ মে মামলাটি গ্রহণ করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। ১৩ জুন মাহফুজের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।
মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম