মেঘনা গ্রুপের দখলকৃত সরকারি জমি উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান অবৈধভাবে দখলকৃত সরকারি জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। পরে জমিতে লাল নিশান টানিয়ে দেয়া হয়।
রোববার দুপুরে সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোবায়েত হায়াত শিপলুর নেতৃত্বে জমি দখলমুক্ত করা হয়।
এর আগে উপজেলার টিপুরদী এলাকায় রতনদী মৌজায় মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন নামে একটি প্রতিষ্ঠান সরকারি জায়গা জোরপূর্বক দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করে। এ ঘটনায় উপজেলা প্রশাসনে এলাকাবাসী একটি অভিযোগ দায়ের করে।
এলাকাবাসী ও ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের টিপুরদী এলাকায় রতনদী মৌজায় ১১০ শতাংশ সরকারি জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোবায়েত হায়াত শিপলু ভূমি অফিসের সার্ভেয়ারের মাধ্যমে দখলকৃত জায়গা মাপ দিয়ে লাল নিশান টানিয়ে জায়গাটি উদ্ধার করেন।
মেঘনা গ্রুপের ল্যান্ড অফিসার আবু মুসা চৌধুরী জানান, জায়গাটি খালি পরে থাকায় আমরা সীমানা প্রাচীর নির্মাণ করেছি। সরকারের প্রয়োজন হলে আমরা জায়গাটি ছেড়ে দেব।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোবায়েত হায়াত শিপলু বলেন, মেঘনা গ্রুপ সরকারি জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করে। ইতোমধ্যে তাদের কয়েকবার নোটিশ দেয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সময় দেয়া হয়েছে। সময়মত অবৈধ স্থাপনা উচ্ছেদ না করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাহাদাত হোসেন/ এমএএস/পিআর