যশোরে গণপিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

যশোরে গণপিটুনিতে আয়ুব আলী (৪৫) নামে এক আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার যশোর সিটি কলেজ এলাকায় চোর সন্দেহে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়।

পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে তার মৃত্যু হয়। হাসপাতালের রেজিস্টার খাতায় লেখা হয়েছে, আয়ুব আলী যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের জাহার আলীর ছেলে।

তবে তার মামাতো ভাই দাবি করেছেন, আয়ুব আলী ভারতে উত্তর চব্বিশ পরগনা জেলার বয়রা থানার কুলেনন্দনপুর গ্রামের বাহার আলীর ছেলে। পুলিশ বলছে, নিহত আয়ুব আলী ভারতীয় নাগরিক কিনা সেটি নিশ্চিত নয়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, শনিবার সিটি কলেজ এলাকায় চোর সন্দেহে স্থানীয়রা আয়ুব আলী নামের ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে তার মৃত্যু হয়েছে। ডিসেম্বর মাসে মাদক মামলায় চৌগাছা থানা পুলিশ তাকে আটক করেছিল। তবে তিনি ভারতীয় নাগরিক কিনা তা এখনও নিশ্চিত নয়। আয়ুব আলীর এক ভাই ঢাকায় থাকেন। তিনি আসলে বিস্তারিত পরিচয় জানা যাবে।

নিহতের মামাতো ভাই যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের বাসিন্দা মজিবর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, তার ফুফাতো ভাই আয়ুব আলীর ভারতের উত্তর চবিবশ পরগনা জেলার বয়রা বাজারে একটি জুতার দোকান রয়েছে। তিনি পাসপোর্টে বাংলাদেশে এসে বিভিন্ন ব্যবসায়ীর কাছে জুতা বিক্রি করতেন।

মিলন রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।