ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

নায়ারণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস বৈধ করার দাবিতে ও গ্যাস বিচ্ছিন্ন করার চেষ্টার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মিছিল, টায়ারে অগ্নিসংযোগ করেছেন।

এ সময় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আসা তিতাস গ্যাস কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে। মঙ্গলবার বিকেলে উপজেলার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে সোনারগাঁও জোন যাত্রামুড়া শাখার উপ-মহাব্যবস্থাপক ফয়জার রহমান, ব্যবস্থাপক মোমেন তালুকদার, সহ-প্রকৌশলী আসাদুজ্জামান আজাদের নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহযোগিতায় বরপা এলাকার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আসেন।

এ সময় বিতরণ লাইনের বাল্প থেকে গ্যাস বন্ধ করে দেয়া হলে পুরো এলাকাজুরে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের খবর ছড়িয়ে পড়ে। পরে পাড়া-মহল্লায় মাইকিং করে এলাকাবাসীকে জড়ো হতে বলা হয়।

একপর্যায়ে শত শত নারী-পুরুষ লাঠি-সোঁটা নিয়ে তিতাস গ্যাস কর্মকর্তা-কর্মচারীদের ধাওয়া করে। ধাওয়ায় অভিযানে আসা তিতাস গ্যাস কর্মকর্তা-কর্মচারীরা হামলার আশঙ্কায় পালিয়ে যায়। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি অবৈধ গ্যাস বৈধ করে দেয়ার।

অবৈধ গ্যাস বৈধ করে দেয়ার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় সড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষুদ্ধরা সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেয়। পুলিশ প্রশাসন বিক্ষুব্ধদের বোঝানোর চেষ্টা করেন।

ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ফলে সড়কের উভয় পাশে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে ভোগান্তির শিকার হন যাত্রীসাধারণ থেকে শুরু করে বিভিন্ন মালবাহী যানবাহনের চালকরা।

এ বিষয়ে সোনারগাঁও জোন যাত্রামুড়া শাখার ব্যবস্থাপক মোমেন তালুকদার বলেন, বরপা, মাসাবো, কর্ণগোপ, মৈকুলীসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন এলাকাবাসী।

এতে করে তিতাস গ্যাস কোম্পানি শত শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাকাবাসী তিতাস গ্যাস কর্তৃপক্ষের ওপর হামলা চালানোর চেষ্টা চালায়।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

মীর আব্দুল আলীম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।