আমার কাছে দলীয় পরিচয় প্রাধান্য পায় না : আইভী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি দল মতের ঊর্ধ্বে থেকে নগরবাসীর সেবা দিতে চাই। এখানে দলীয় কোনো পরিচয় বা মতের প্রাধান্য পায় না।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নাসিক ৮নং ওয়ার্ডে নিজস্ব ভূমিতে ৯তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও আলোচনা সভায় কথা বলেন মেয়র আইভী।

নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ ওমর ফারুক, ২নং  ওয়ার্ড কাউন্সিল মো. ইকবাল হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল, সংরক্ষিত কাউন্সিলর আয়শা আক্তার দিনা, আলহাজ শাহ আলম, মহানগর আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক কাজী আতাউর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ড বীর মুক্তিযোদ্ধা শাহ জাহান ভূঁইয়া জুলহাস প্রমুখ।

এ সময় মেয়র আইভী বলেন, আমি মিছিল মিটিং করার চেয়ে কাজ করতে ভালোবাসি। কাজ আমার মনের ভেতরে থাকে। আমি দুই ঘণ্টা বসে না থেকে এই দুই ঘণ্টা নগরবাসীকে নিয়ে ভাবতে চাই। নগরবাসীর সেবা জনগণের দরজায় পৌঁছে দিতে চাই। তাই সকল কাউন্সিলরদের বলেছি, উন্নয়ন হল আমার কাজ। উন্নয়ন হল আমার ভালোবাসা।

তিনি আরও বলেন, আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে দেড়শ’ কোটি টাকার বিনিময়ে আগামী ২০১৮ সালের প্রথম দিকে শিমরাইল থেকে ভাঙ্গারি পুল পর্যন্ত লেক হবে।

হোসেন চিশতী সিপলু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।