সোনারগাঁওয়ে ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত


প্রকাশিত: ০৩:০৮ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাগজভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৬ জন।

বুধবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া থানার চানমাদারীপুরের আব্দুল গফুরের ছেলে অপু হাওলাদার (২২), হোসেন চৌকীদারের ছেলে ওবায়দুল (২৮), পটুয়াখালি গলাচিপা থানার উলানিয়ার রফিক মজুমদারের ছেলে আবু তাহের (২০) ও একই জেলার চরমান্দার ইউসুফ হাওলাদারের ছেলে মোশারফ হোসেন (৩০)। তারা সবাই সোনারাগাঁ মেঘনার মোস্তফা গ্রুপের শ্রমিক ছিলেন।

সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, মোস্তফা গ্রুপের একটি ট্রাক শিল্প কারখানার উদ্দেশে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা কারখানার ৪ শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরো ৬ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার করে ট্রাকের ভেতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।