সাভারে গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু নিহত


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০২ এপ্রিল ২০১৫
ফাইল ফটো

সাভারে একটি খোলা মাঠে কুড়িয়ে পাওয়া গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের মইস্তাপাড়া এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো,  হৃদয় (১০) ও শুভ (১০)। হৃদয়ের বাবার নাম সাইফুল ইসলাম এবং শুভ’র বাবার নাম আব্দুর রহমান। তাদের দুজনের বাড়ি বিরুলিয়া ইউনিয়নের মইস্তাপাড়া গ্রামে। নিহত ওই দুই শিশু স্থানীয় একটি মাদরাসার ছাত্র  বলে জানা গেছে।  

বিরুলিয়া ইউনিয়নের প্রত্যন্ত ওই খোলা মাঠটি বাংলাদেশ সেনাবাহিনী গ্রেনেড ফায়ারিং রেঞ্জ হিসেবে ব্যবহার করে বলে দাবি করেছে স্থানীয়রা।

নিহত হৃদয়ের বাবা সাইফুল ইসলাম জানান, বিকেলে মইস্তাপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বোমকা প্রশিক্ষণ কেন্দ্রের গ্রেনেড ফায়ারিং রেঞ্জে ঘুরতে গিয়ে একটি গ্রেনেড কুড়িয়ে পায় শিশুরা। পরে ওই গ্রেনেডটি পকেটের ভড়তে গেলেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শিশু শুভ। গুরুতর আহত হয় হৃদয়। পরে হৃদয়কে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।  

তিনি আরো জানান, গ্রেনেডটি কুড়িয়ে পাওয়ার পর সেটি নিজ পকেটে ভড়ার চেষ্টা করে নিহত শিশু শুভ। এসময় তাকে সাহায্য করছিল শিশু হৃদয়। গ্রেনেডটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথেই নিহত শিশু শুভর এক হাতের কব্জি উড়ে যায় ও বুক ফেটে রক্ত বেরিয়ে আসে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব মিয়া গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেনেডটি সেখানে কিভাবে পাওয়া গেল সে ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে রাজি হননি তিনি।

 

এমএএস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।